হাঙ্গেরিতে নীড়ের দাপট

২৪ঘন্টা অনলাইন : হাঙ্গেরিতে অনুষ্ঠিত সিক্স ডেস গ্র্যান্ডমাস্টার বি দাবা টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার (আইএম) মনন রেজা নীড়। পাঁচ রাউন্ড শেষে সাড়ে চার পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছেন তিনি।
টুর্নামেন্টে নীড়ের সবচেয়ে বড় সাফল্য এসেছে টানা তিন গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম রাউন্ডে তিনি ধারাবাহিকভাবে তিন গ্র্যান্ডমাস্টারের বিপক্ষে জয় তুলে নিয়ে শিরোপা ও গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জনের লড়াইয়ে নিজেকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন।
প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রের ফিদে মাস্টার লুসিকাসকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেন নীড়। দ্বিতীয় রাউন্ডে ভারতের ফিদে মাস্টার অরভ সিনহার সঙ্গে ড্র করেন।
এরপর তৃতীয় রাউন্ডে গ্রিসের গ্র্যান্ডমাস্টার পোটেস হাগেনকে পরাজিত করেন। চতুর্থ রাউন্ডে ফ্রান্সের নারী গ্র্যান্ডমাস্টার মেহমেতের বিপক্ষেও জয় পান তিনি। সর্বশেষ পঞ্চম রাউন্ডে স্বাগতিক হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার ডেভিড বারকুজেসকে হারিয়ে নিজের ধারাবাহিকতা বজায় রাখেন।
গ্র্যান্ডমাস্টার (জিএম) নর্ম অর্জনের লক্ষ্যে এখন নীড়ের সামনে রয়েছে আরও চারটি ম্যাচ। কাঙ্ক্ষিত নর্ম নিশ্চিত করতে এই চার খেলায় তার প্রয়োজন মাত্র আড়াই পয়েন্ট।
ষষ্ঠ রাউন্ডে নীড়ের প্রতিপক্ষ ভারতের ফিদে মাস্টার বৈভব জয়ন্ত। এই ম্যাচেও জয়ের ধারা ধরে রাখতে পারলে গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জনের পথে আরও এক ধাপ এগিয়ে যাবেন বাংলাদেশের এই প্রতিভাবান দাবাড়ু।
