৩০ বছরে কংক্রিটের ঢাকা, ডুবছে রাজধানী!

২৪ঘন্টা অনলাইন : ঢাকা বড় হয়েছে। কিন্তু শহরটা কি বাসযোগ্য হয়েছে?
গত ৩০ বছরে রাজধানীর নির্মিত এলাকা বেড়েছে ১৮৮ শতাংশ। অথচ সেই গতিতে বাড়েনি ড্রেনেজ, কমেছে জলাশয় ফল, সামান্য বৃষ্টিতেই পানির নিচে ডুবে যাচ্ছে নগরজীবন।
আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী সায়েন্টিফিক রিপোর্টস-এ প্রকাশিত নতুন গবেষণা বলছে, ঢাকার জলাবদ্ধতা এখন শুধু ড্রেনের সমস্যা নয় এটি অপরিকল্পিত নগরায়ণের দীর্ঘমেয়াদি ফল।
খাল ভরাট হয়েছে, জলাশয় হারিয়েছে, সবুজ কমেছে।
অন্যদিকে কংক্রিটের স্তর এতটাই বেড়েছে যে বৃষ্টির পানি মাটিতে শোষিত হওয়ার সুযোগই পাচ্ছে না।
গবেষকদের মতে, শুধু নতুন ড্রেন বানিয়ে এই সংকটের সমাধান হবে না।
প্রয়োজন খাল সংরক্ষণ, জলাধার ফিরিয়ে আনা, সবুজ অবকাঠামো গড়ে তোলা এবং বৃষ্টির পানি ধরে রাখার কার্যকর ব্যবস্থা।
২০২০ সালে জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব ওয়াসা থেকে দুই সিটি করপোরেশনের হাতে দেওয়া হয়েছিল।
যুক্তি ছিল এক ছাতার নিচে ড্রেন, খাল ও বর্জ্য ব্যবস্থাপনা এলে সমস্যার সমাধান হবে।
কিন্তু সাড়ে পাঁচ বছর পরও দৃশ্যপট খুব একটা বদলায়নি।
এ বছরও রাজধানীর ১৪১টি এলাকা জলাবদ্ধতাপ্রবণ হিসেবে চিহ্নিত হয়েছে।
সাম্প্রতিক বৃষ্টিতে এসব এলাকার অনেক জায়গায় ঘণ্টার পর ঘণ্টা পানি জমে ছিল।
সরকারি হিসাব বলছে, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে ২৬২ কোটি টাকার বেশি ব্যয়ে ৩৩৪ কিলোমিটার ড্রেন ও বক্স কালভার্ট নির্মাণ করা হয়েছে।
তবুও বর্ষা এলেই রাজধানী থমকে যায়। ফলে এত ব্যয়ের কার্যকারিতা নিয়েও উঠছে প্রশ্ন।
বিশেষজ্ঞদের মতে, প্রকল্পের চেয়ে বেশি জরুরি নিয়মিত রক্ষণাবেক্ষণ, খাল দখলমুক্ত করা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয়।
নইলে কংক্রিটের শহর আরও বড় হবে, আর প্রতিটি বর্ষায় ঢাকাবাসীর দুর্ভোগও ততই বাড়বে।
