দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

২৪ঘণ্টা অনলাইন : দিল্লিতে শিক্ষার্থী আন্দোলন ঘিরে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। সংসদ ভবনের কাছে বিক্ষোভকারীদের অবস্থান এবং নিরাপত্তা পরিস্থিতির কারণে তিনি ও অন্যান্য সাংসদরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন।
সম্প্রতি ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিক্ষোভ কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। পরে তারা সংসদ ভবনের দিকে অগ্রসর হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে।
ঘটনার সময় সংসদের অধিবেশন চলছিল। প্রধানমন্ত্রীসহ সরকারের শীর্ষ কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদরা সংসদ ভবনের ভেতরে অবস্থান করছিলেন। নিরাপত্তাজনিত কারণে ভবনের প্রবেশদ্বারগুলো বন্ধ করে দেওয়া হয়।
সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরে কঙ্গনা বলেন, সংসদের ভেতরে অবস্থানরত অনেক সাংসদই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। বাইরে উত্তপ্ত পরিস্থিতি এবং নিরাপত্তাকর্মীদের তৎপরতা দেখে হামলার আশঙ্কাও তৈরি হয়েছিল বলে জানান তিনি।
সংবাদমাধ্যমকে কঙ্গনা বলেন, “আমরা সবাই খুবই আতঙ্কিত ছিলাম। মনে হচ্ছিল, পরিস্থিতি আরও খারাপ হলে উন্মত্ত জনতা সংসদ ভবনে হামলা চালাতে পারে। সে সময় দিল্লি পুলিশ আমাদের সুরক্ষা নিশ্চিত করেছে।”
দিল্লি পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি তাদের ধন্যবাদ জানান। একই সঙ্গে আন্দোলনের মাধ্যমে চাপ সৃষ্টির রাজনীতির সমালোচনা করেন।
কঙ্গনা আরও বলেন, এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি তার রাজনৈতিক অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করে দাবি করেন, দেশের মানুষ ধীরে ধীরে নিজেদের সাংস্কৃতিক শিকড়ের দিকেই ফিরে আসবে।
দিল্লির সাম্প্রতিক বিক্ষোভ এবং তা ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়া দেশজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কঙ্গনার মন্তব্যও সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।
