রাশিয়ার হামলায় ভারতীয় নাবিকদের প্রাণহানি

২৪ঘণ্টা অনলাইন : ইউক্রেনের ওডেসা বন্দর থেকে যাত্রা শুরুর সময় একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় চার ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন ভারতীয় গুরুতর আহত হয়েছেন। ভারত সরকার হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় ওডেসা বন্দর ত্যাগ করার সময় এমভি গোল্ডেন লিও নামের জাহাজটি হামলার শিকার হয়। জাহাজটিতে মোট ১৭ জন নাবিক ছিলেন, যার মধ্যে পাঁচজন ছিলেন ভারতীয় নাগরিক।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় চার ভারতীয় নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস ও মিশন ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদানে কাজ করছে।
মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে এবং আহত নাবিকের দ্রুত সুস্থতা কামনা করেছে।
এদিকে ভারত সরকার বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছে, আন্তর্জাতিক নৌপথে চলাচলকারী জাহাজকে লক্ষ্যবস্তু করা এবং বেসামরিক নাবিকদের জীবন ঝুঁকির মুখে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে আরও বলা হয়, নৌচলাচল ও বৈশ্বিক বাণিজ্যের স্বাধীনতা নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব। এ ধরনের হামলা আন্তর্জাতিক নিরাপত্তা ও বাণিজ্য ব্যবস্থার জন্য হুমকি এবং এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত।
