ডেঙ্গুতে মৃত ৩, নতুন ভর্তি ৩৭২

২৪ঘণ্টা অনলাইন : দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
২০ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ মারা যাওয়া তিনজনের মধ্যে একজন বরিশাল বিভাগে, একজন খুলনা বিভাগে এবং একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৩৭২ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮৫৭ জনে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৪৬ জন। এ পর্যন্ত মোট ৯ হাজার ৭৮৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১৭৭ জন ঢাকা বিভাগে। এছাড়া বরিশাল বিভাগে ৬৭ জন, চট্টগ্রামে ৫৪ জন, খুলনায় ৪৩ জন, ময়মনসিংহে ২১ জন এবং রাজশাহীতে ৪ জন ভর্তি হয়েছেন।
মাসভিত্তিক হিসাবে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাই মাসে এ পর্যন্ত ১৯ জন ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হয়েছে। ফলে চলতি মাসেই মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।
এলাকাভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহ ও খুলনা বিভাগে ৫ জন করে, চট্টগ্রামে ৪ জন, বরিশালে ৩ জন এবং রাজশাহী বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে, যার সংখ্যা ২ হাজার ৬০৫ জন। এছাড়া চট্টগ্রামে ১ হাজার ৮৭৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১ হাজার ৫৪৯ জন, খুলনায় ১ হাজার ৪২৫ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ১ হাজার ৩৮১ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ হাজার ৫৮ জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
