নতুন গানেই ট্রলের মুখে কিয়ারা

২৪ঘণ্টা অনলাইন : মুক্তির আগেই নানা বিতর্কে জড়িয়েছে কন্নড় সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’। প্রথম পোস্টার প্রকাশের পর সিনেমাটির বিষয়বস্তু নিয়ে সমালোচনা শুরু হলেও এবার নতুন করে আলোচনায় এসেছে ছবির গান ‘তাবাহি’।
সম্প্রতি প্রকাশিত এই গানে যশ ও কিয়ারা আদভানির ঘনিষ্ঠ দৃশ্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে বিবাহিত হওয়ার পর এমন সাহসী চরিত্রে অভিনয় করায় কিয়ারাকে নিয়ে সমালোচনা ও ট্রোলিং শুরু হয়েছে নেটিজেনদের একাংশের মধ্যে।
অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর অভিনয় ও পর্দায় উপস্থাপন নিয়ে প্রশ্ন তুললেও, অন্য একটি অংশ তার পেশাদারিত্বের পক্ষে অবস্থান নিয়েছে।
এমন পরিস্থিতিতে কিয়ারার সমর্থনে কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। সম্প্রতি এক সাক্ষাৎকারে পর্দার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে নারী ও পুরুষ অভিনেতাদের প্রতি ভিন্ন দৃষ্টিভঙ্গির প্রসঙ্গ উঠলে তিনি বলেন, কোনো অভিনেতা বা অভিনেত্রী কী ধরনের দৃশ্যে অভিনয় করবেন, সেটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত।
কাজল বলেন, “পর্দায় কী করবেন বা করবেন না, সেই সিদ্ধান্ত শিল্পীর নিজের। এটি অন্য কারও চাপিয়ে দেওয়া বিষয় নয়, বরং ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য ও পছন্দের ওপর নির্ভর করে।”
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, ঘনিষ্ঠ দৃশ্য কিংবা বিকিনি পরা চরিত্রে তিনি কখনো স্বাচ্ছন্দ্যবোধ করেননি। এ কারণে ক্যারিয়ারে বেশ কয়েকটি বড় প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন।
তবে মা হওয়ার পর সিনেমা নির্বাচনের ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে বলেও জানান এই অভিনেত্রী। তার মতে, অভিনয়ের ক্ষেত্রে প্রত্যেক শিল্পীর নিজস্ব সীমারেখা রয়েছে এবং সেই সীমারেখার প্রতি সম্মান দেখানো উচিত।
অন্যদিকে, ‘টক্সিক’–এ নিজের চরিত্র বা বিতর্ক নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি কিয়ারা আদভানি। তবে গানটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে তাকে ঘিরে আলোচনা অব্যাহত রয়েছে।
