চীনের বাজারে ইরানের ৭ কোটি ব্যারেল তেল

২৪ঘণ্টা অনলাইন : মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল হওয়ার সুযোগ কাজে লাগিয়ে অল্প সময়ের মধ্যেই বিপুল পরিমাণ তেল রপ্তানি করেছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র ২০ দিনের ব্যবধানে চীনের কাছে প্রায় ৬০০ কোটি ডলার মূল্যের অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি করেছে তেহরান।
প্রতিবেদন অনুযায়ী, ইসলামাবাদ সমঝোতা চুক্তির পর ইরানি তেলের ওপর থেকে সাময়িকভাবে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে দেশটি দ্রুত রপ্তানি কার্যক্রম বাড়িয়ে দেয়। ১৭ জুন থেকে ৩০ জুনের মধ্যে প্রায় ৭ কোটি ব্যারেল অপরিশোধিত তেল চীনে পাঠানো হয়, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৬০০ কোটি ডলার।
ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, ইরান নিজেদের প্রায় ২০টি ট্যাংকার ব্যবহার করে মালয়েশিয়ার পূর্ব উপকূল হয়ে চীনের বিভিন্ন বন্দরে এই তেল সরবরাহ করেছে। নিষেধাজ্ঞা শিথিলের সময়টিকে কাজে লাগিয়ে তেল রপ্তানির গতি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়।
ইরানের তেলের ওপর যুক্তরাষ্ট্র প্রথম নিষেধাজ্ঞা আরোপ করে ১৯৭৯ সালে। পরবর্তী কয়েক দশকে সেই নিষেধাজ্ঞা আরও কঠোর করা হয়। তবে এসব সীমাবদ্ধতার মধ্যেও চীন ধারাবাহিকভাবে ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা হিসেবে অবস্থান ধরে রেখেছে। বর্তমানে ইরানের মোট তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই যায় চীনে।
নিষেধাজ্ঞা কার্যকর থাকাকালে ইরানি তেল পরিবহনে বিশেষ কৌশল ব্যবহার করা হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দক্ষিণ চীন সাগরের আন্তর্জাতিক জলসীমার একটি এলাকায় ইরানি ও চীনা ট্যাংকারের মধ্যে জাহাজ থেকে জাহাজে (Ship-to-Ship) তেল স্থানান্তরের মাধ্যমে দীর্ঘদিন ধরে এই বাণিজ্য পরিচালিত হয়ে আসছে।
তবে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির পর যুক্তরাষ্ট্র আবারও ইরানি তেলের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে। পাশাপাশি দেশটির বন্দরগুলোর ওপর নতুন অবরোধ আরোপ করায় ইরানের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রমও ব্যাপক চাপে পড়েছে। ফলে বর্তমানে অনেক জাহাজ বন্দরে প্রবেশ কিংবা বন্দর ত্যাগ করতে পারছে না বলে জানা গেছে।
