বিশ্বকাপের আয় থেকে অর্থ পাবে বাংলাদেশ

২৪ঘন্টা অনলাইন : ফুটবল বিশ্বকাপে এবার রেকর্ড পরিমাণ অর্থ পুরস্কার ঘোষণা করেছে ফিফা। টুর্নামেন্টের মোট প্রাইজমানি ধরা হয়েছে ৮৭১ মিলিয়ন মার্কিন ডলার। এটি ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় ৬৫ শতাংশ বেশি।
বিশ্বকাপের চূড়ান্ত পর্বে এবার খেলছে ৪৮টি দল। তবে বাছাইপর্বে অংশ নেয় বিশ্বের প্রায় সব দেশের জাতীয় দল। বিশ্বকাপ থেকে আয় করা অর্থের একটি অংশ সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নে ব্যয় করে ফিফা। সেই অর্থের অংশ পাবে বাংলাদেশও।
বিশ্বচ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন ডলার। রানার্সআপ পাবে ৩৩ মিলিয়ন ডলার। তৃতীয় ও চতুর্থ স্থান পাওয়া দল পাবে যথাক্রমে ২৯ ও ২৭ মিলিয়ন ডলার।
কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পেয়েছে ২০ মিলিয়ন ডলার। শেষ ষোলো থেকে বিদায় নেওয়া দলগুলো পেয়েছে ১৬ মিলিয়ন ডলার। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া প্রতিটি দল পেয়েছে ১২ দশমিক ৫ মিলিয়ন ডলার। প্রস্তুতি ও যাতায়াত ব্যয়ের জন্য অংশগ্রহণকারী প্রতিটি দলকে অতিরিক্ত আড়াই মিলিয়ন ডলার দেওয়া হয়েছে।
বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবলার জুলফিকার মাহমুদ মিন্টুর মতে, দল বাড়ানোয় এশিয়া ও আফ্রিকার দেশগুলোর সামনে বিশ্বকাপে খেলার সুযোগও বেড়েছে। এতে বাছাইপর্ব আরও প্রতিযোগিতাপূর্ণ হবে।
তিনি বলেন, বিশ্বকাপ থেকে অর্জিত আয়ের একটি অংশ ফিফা সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নে ব্যয় করে। সেই তহবিল থেকেই বাংলাদেশও উল্লেখযোগ্য অঙ্কের আর্থিক সহায়তা পাবে। এই অর্থ দেশের ফুটবলের অবকাঠামো ও খেলোয়াড় উন্নয়নে কাজে লাগানো যাবে।
এদিকে মাঠের লড়াইয়েও রেকর্ড গড়েছে এবারের বিশ্বকাপ। এখন পর্যন্ত টুর্নামেন্টে হয়েছে ২৯৭টি গোল। সর্বোচ্চ আটটি করে গোল করেছেন আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপে।
১৯ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল। সেদিনই নির্ধারিত হবে নতুন বিশ্বচ্যাম্পিয়নের পাশাপাশি গোল্ডেন বল, গোল্ডেন বুটসহ আসরের ব্যক্তিগত পুরস্কারজয়ীদের নাম।
