পাবনায় অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষে নিহত ২

২৪ঘন্টা অনলাইন: পাবনার আতাইকুলা এলাকায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
১৬ জুলাই সকাল ৬টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলা থানার সড়াডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পাবনা শহরের উত্তর শালগাড়িয়া এলাকার জামাল শেখের ছেলে ও অ্যাম্বুলেন্সচালক রাজ শেখ (২৮) এবং সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের সলিম প্রামাণিকের স্ত্রী বুলু খাতুন (৫৭)। বুলু খাতুন অ্যাম্বুলেন্সে থাকা এক শিশুর মরদেহের স্বজন ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশু কেয়া খাতুনের মরদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্স সাঁথিয়া উপজেলার উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে সড়াডাঙ্গী আলিম মডেল মাদরাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সচালক রাজ শেখ এবং মরদেহের সঙ্গে থাকা কেয়ার নানী বুলু খাতুনের মৃত্যু হয়। এ সময় অ্যাম্বুলেন্স ও বাসে থাকা আরও কয়েকজন আহত হন।
খবর পেয়ে মাধপুর হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ চালান। পরে আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি শিশুর মরদেহ নিয়ে তার স্বজনরা সাঁথিয়ায় ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সচালকসহ দুইজন ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও জানান, নিহত দুইজনের মরদেহ এবং অ্যাম্বুলেন্সে থাকা শিশুর মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
