ইমেজ বদলাতে চান পূর্ণিমা

২৪ঘন্টা অনলাইন: দীর্ঘ অভিনয়জীবনে দর্শকদের কাছে রোমান্টিক ও কোমল চরিত্রের অভিনেত্রী হিসেবেই পরিচিতি পেয়েছেন দিলারা হানিফ পূর্ণিমা। তবে ক্যারিয়ারের এই পর্যায়ে এসে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতে চান জনপ্রিয় এই অভিনেত্রী। তার ইচ্ছা, এবার নেতিবাচক বা খলচরিত্রে অভিনয় করার।
সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে এমন আগ্রহের কথা জানান পূর্ণিমা। তিনি বলেন, পর্দায় এমন একটি চরিত্রে অভিনয় করতে চান, যাকে দেখে দর্শকের মনে তীব্র বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে।
পূর্ণিমার ভাষায়, “আমার খুব ইচ্ছা খলনায়িকা বা ভিলেন ধরনের চরিত্রে অভিনয় করার। এমন একটি চরিত্র করতে চাই, যার প্রতি দর্শকদের ঘৃণা তৈরি হবে। একজন অভিনেত্রী হিসেবে সেটাও আমার জন্য বড় চ্যালেঞ্জ হবে।”
তিনি মনে করেন, তার কোমল ও পরিচিত ইমেজের কারণেই নির্মাতারা তাকে কখনো নেতিবাচক চরিত্রে কল্পনা করেননি।
পূর্ণিমা বলেন, “এখন পর্যন্ত আমাকে খলচরিত্রে দেখা যায়নি। হয়তো নির্মাতারা মনে করেছেন আমার চেহারা বা ব্যক্তিত্বের সঙ্গে এমন চরিত্র মানাবে না। দর্শকরাও আমাকে সবসময় রোমান্টিক বা ইতিবাচক চরিত্রেই দেখে অভ্যস্ত। তবে এবার সম্পূর্ণ ভিন্ন কিছু করতে পারলে ভালো লাগবে।”
উল্লেখ্য, একসময় বড় পর্দার জনপ্রিয় নায়িকা হলেও সাম্প্রতিক বছরগুলোতে অভিনয়ে অনেকটাই অনিয়মিত পূর্ণিমা। কয়েক বছর আগে দুটি ওটিটি কনটেন্টে দেখা গেলেও এরপর তাকে মূলত বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনায় দেখা গেছে।
তবে নতুন ধরনের চরিত্রে অভিনয়ের আগ্রহ প্রকাশ করায় ভক্তদের মধ্যে আবারও তাকে পর্দায় দেখার প্রত্যাশা তৈরি হয়েছে।
