উদ্যোক্তাদের পাশে সরকার: প্রধানমন্ত্রী

২৪ঘন্টা অনলাইন: তরুণ উদ্যোক্তা ও সম্ভাবনাময় স্টার্টআপদের জন্য সরকারের পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, উদ্যোক্তা হওয়ার পথ সহজ নয়, তবে নতুন প্রজন্মের উদ্ভাবনী উদ্যোগ সফল করতে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।
১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট হলে অনুষ্ঠিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যারা নতুন কিছু করার স্বপ্ন দেখছেন এবং উদ্যোক্তা হতে চান, তাদের সামনে নানা চ্যালেঞ্জ আসবে। তবে দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে সফল হওয়া সম্ভব।
তিনি বলেন, “উদ্যোক্তাদের পথচলায় অনেক প্রতিকূলতা থাকবে। কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত। আপনাদের পথচলা সহজ করতে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে আমরা পাশে আছি।”
তারেক রহমান আরও বলেন, “সরকারের অবস্থান থেকে বলতে পারি, আমরা আপনাদের সঙ্গে আছি—সহযোগিতা করার জন্য, পথ দেখানোর জন্য এবং পাশে দাঁড়ানোর জন্য। যতটুকু সম্ভব, সর্বোচ্চ সামর্থ্য দিয়ে আমরা সহায়তা করার চেষ্টা করব।”
তরুণ উদ্যোক্তাদের দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের উদ্ভাবন, সৃজনশীলতা ও উদ্যোগ ভবিষ্যতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, “আপনাদের প্রয়োজন শুধু নিজেদের জন্য নয়, দেশের লাখো মানুষের জন্য। সমাজ ও দেশের কল্যাণে যারা নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে আসছেন, তারাই আগামী বাংলাদেশের শক্তি।”
বক্তব্যে নিজের জীবনের নানা প্রতিকূলতার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘ সময় নানা বাধা, অপমান ও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তাকে এগিয়ে আসতে হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই তিনি তরুণদের কঠিন সময়ে ধৈর্য ও আত্মবিশ্বাস ধরে রাখার পরামর্শ দেন।
দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তারেক রহমান বলেন, তরুণদের উদ্ভাবনী চিন্তা, স্টার্টআপ উদ্যোগ এবং শিক্ষার্থীদের সৃজনশীল অংশগ্রহণ দেখে তিনি আশাবাদী। আগামী প্রজন্মই বাংলাদেশকে আরও সমৃদ্ধ ও এগিয়ে নেওয়ার নেতৃত্ব দেবে বলে তিনি বিশ্বাস করেন।
