উজানের ঢলে বিপৎসীমা ছাড়াল তিস্তা

২৪ঘন্টা অনলাইন: টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। এতে নীলফামারীর তিস্তা তীরবর্তী বিভিন্ন নিম্নাঞ্চলে পানি প্রবেশ শুরু হয়েছে।
১৩ জুলাই সন্ধ্যা ৬টায় নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৮ সেন্টিমিটার। যা বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটারের চেয়ে ৩ সেন্টিমিটার বেশি।
পানি বৃদ্ধি পাওয়ায় ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চল এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানি ঢুকতে শুরু করেছে।
টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন বলেন, তিস্তার পানি বৃদ্ধি পেয়ে ইতোমধ্যে বেশ কয়েকটি নিম্নাঞ্চলে প্রবেশ করেছে। ফলে নদীতীরবর্তী বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, সন্ধ্যা ৬টায় তিস্তার পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। রাতের মধ্যে পানি আরও বাড়তে পারে। তবে পরিস্থিতির উন্নতি হলে সকালে পানি কমে আসার সম্ভাবনা রয়েছে।
এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তিস্তা তীরবর্তী এলাকার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
