দুই বছরে বন্দরে ১,৪৬৪ পদোন্নতি

২৪ঘন্টা অনলাইন : জুলাই আন্দোলন-পরবর্তী সময়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ ও পদোন্নতির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত দুই বছরে সংস্থাটিতে ২০৮ জনকে সরাসরি নিয়োগ এবং ১ হাজার ৪৬৪ জন কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি দেওয়া হয়েছে।
১২ জুলাই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত দুই বছরে ২০৮ জন সরাসরি নিয়োগ পেয়েছেন। একই সময়ে পদোন্নতি পেয়েছেন ১ হাজার ৪৬৪ জন কর্মকর্তা-কর্মচারী।
প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক পটপরিবর্তনের পর বন্দরের কার্যক্রমে গতি আনা, কর্মকর্তা-কর্মচারীদের মনোবল বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং কল্যাণ নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মেধাভিত্তিক মূল্যায়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত সাড়ে তিন বছরে সরাসরি নিয়োগ পেয়েছিলেন ১৪৪ জন এবং পদোন্নতি পেয়েছিলেন ৭৯৯ জন কর্মকর্তা-কর্মচারী।
অন্যদিকে, মাত্র দুই বছরে ২০৮ জনকে নিয়োগ এবং ১ হাজার ৪৬৪ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে, যা আগের সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হিসাবে, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত মোট সরাসরি নিয়োগের প্রায় ৫৯ শতাংশ এবং মোট পদোন্নতির প্রায় ৬৫ শতাংশই সম্পন্ন হয়েছে জুলাই আন্দোলন-পরবর্তী সময়ে।
বন্দর কর্তৃপক্ষের মতে, দক্ষ ও যোগ্য জনবল একটি আধুনিক বন্দরের প্রধান শক্তি। স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ এবং যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির ফলে কর্মকর্তা-কর্মচারীদের কর্মোদ্যম বৃদ্ধি পেয়েছে, সেবার মান উন্নত হয়েছে এবং বন্দরের কার্যক্রমে আরও গতিশীলতা এসেছে।
