২৫ বছরেই থেমে গেল অ্যাডামসের পথচলা

২৪ঘন্টা অনলাইন: বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করার মাত্র ১৬ দিনের মাথায় না ফেরার দেশে পাড়ি জমালেন দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামস। মাত্র ২৫ বছর বয়সে এই মিডফিল্ডারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশটির ফুটবল অঙ্গনে।
চলমান বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে মাঠে নেমেছিলেন মেমেলোদি সানডাউন্সের এই তারকা ফুটবলার। টুর্নামেন্টে দলের তিনটি গ্রুপ ম্যাচেই অংশ নিয়েছিলেন তিনি। মেক্সিকোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে শুরুর একাদশে ছিলেন অ্যাডামস। পরে চেক প্রজাতন্ত্রের বিপক্ষেও প্রথম একাদশে সুযোগ পান।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে দলের জয়ে ভূমিকা রাখেন তিনি। তবে শেষ ৩২-এর লড়াইয়ে কানাডার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার পরাজয়ের ম্যাচে খেলার সুযোগ পাননি। বিশ্বকাপ থেকে বিদায়ের অল্প সময়ের মধ্যেই তার মৃত্যুর খবর আসে।
অ্যাডামসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি। এক বিবৃতিতে তিনি বলেন, দেশের ফুটবল এক উজ্জ্বল তরুণ প্রতিভাকে হারিয়েছে। তার মৃত্যু পরিবার, বন্ধু, সতীর্থ ও সমর্থকদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।
দক্ষিণ আফ্রিকা ফুটবল খেলোয়াড় ইউনিয়নও শোক প্রকাশ করেছে। সংগঠনটি জানিয়েছে, বিশ্বকাপে দেশের হয়ে সাহস, গর্ব ও দায়িত্ববোধের সঙ্গে খেলেছিলেন অ্যাডামস। তার অকাল মৃত্যু দেশের ক্রীড়াঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।
স্টেলেনবোশের যুব একাডেমি থেকে উঠে আসা অ্যাডামস ক্লাবটির ইতিহাসে একাডেমি থেকে পেশাদার চুক্তি পাওয়া প্রথম খেলোয়াড় ছিলেন। স্টেলেনবোশের হয়ে ১৩৯টি ম্যাচ খেলেছেন তিনি। ২০২৩ সালে ক্লাবটির শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরে ২০২৫ সালের জানুয়ারিতে যোগ দেন মেমেলোদি সানডাউন্সে।
মাঠের পারফরম্যান্স, নেতৃত্বগুণ ও সম্ভাবনার কারণে জেডেন অ্যাডামসকে দক্ষিণ আফ্রিকার ফুটবলের ভবিষ্যৎ তারকাদের একজন হিসেবে বিবেচনা করা হতো। তার অকাল প্রয়াণে ফুটবল অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।
