ভিয়েতনামে মর্মান্তিক নৌকাডুবি

২৪ঘন্টা অনলাইন: ভিয়েতনামের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ফু কুওক দ্বীপের কাছে পর্যটকবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৫ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। ১১ জুলাই ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নৌকাটিতে মোট ৩৬ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ৩২ জন ছিলেন ভারতীয় পর্যটক। এছাড়া তিনজন ক্রু সদস্য ও একজন অ্যাটেনডেন্টও নৌকায় ছিলেন।
দুর্ঘটনার পর উদ্ধারকারীরা ২১ জনকে জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে অন্তত দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ‘হন মে রুত এনগোয়াই’ দ্বীপ থেকে আন থোই বন্দরের উদ্দেশে যাত্রা শুরুর কিছুক্ষণ পরই উত্তাল সমুদ্র ও প্রবল বাতাসের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। এতে যাত্রী ও নৌকার কর্মীরা পানিতে তলিয়ে যান।
ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। নিখোঁজদের সন্ধানে স্থানীয় প্রশাসন, কোস্ট গার্ড ও উদ্ধারকর্মীরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
এদিকে ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দূতাবাস জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করা হচ্ছে।
অন্যদিকে ভারতের অন্ধ্রপ্রদেশের মানবসম্পদ উন্নয়নমন্ত্রী নারা লোকেশ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে দুর্ঘটনায় অন্ধ্রপ্রদেশের কোনো নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন।
প্রশাসনের ধারণা, ভিয়েতনামে অবকাশ যাপনে যাওয়া অন্ধ্রপ্রদেশের কয়েকজন পর্যটকও দুর্ঘটনার শিকার হতে পারেন। এ বিষয়ে এখনও যাচাই-বাছাই চলছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ভিয়েতনামের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
