বৈরী আবহাওয়ায় বন্ধ বান্দরবানের স্পট

২৪ঘন্টা অনলাইন: টানা ভারী বর্ষণ, পাহাড়ধসের আশঙ্কা এবং ঝুঁকিপূর্ণ আবহাওয়ার কারণে বান্দরবান জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
১০ জুলাই জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে পর্যটনকেন্দ্রগুলো ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরে পরিস্থিতির অবনতি হওয়ায় নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতে জেলার বিভিন্ন সড়ক ও যোগাযোগব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি পাহাড়ধস ও আকস্মিক দুর্যোগের আশঙ্কাও রয়েছে। এসব বিষয় বিবেচনায় পর্যটক ও স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বন্ধের সময় জেলার সব পর্যটন স্পট, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক ও ট্যুর অপারেটরদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
জেলা প্রশাসন সকল পর্যটক, ভ্রমণপ্রেমী এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন ও প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, প্রথম দফায় ৬ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত এবং পরে ১২ জুলাই পর্যন্ত বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে চলমান বৈরী আবহাওয়া ও পাহাড়ধসের ঝুঁকি অব্যাহত থাকায় সেই সময়সীমা বাড়িয়ে ১৫ জুলাই পর্যন্ত করা হয়েছে।
