চ্যালেঞ্জিং চরিত্রই ছিল আমার লক্ষ্য: ফরিদা

২৪ঘণ্টা অনলাইন: দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে বলিউডে সফলতার সঙ্গে কাজ করে চলেছেন অভিনেত্রী ফরিদা জালাল। অসংখ্য জনপ্রিয় চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করা এই অভিনেত্রী এবার নতুন করে আলোচনায় এসেছেন ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে।
সিনেমাটিতে ‘বডি বি’ নামের ব্যতিক্রমী এক চরিত্রে অভিনয় করেছেন ফরিদা জালাল। চরিত্রটির সংলাপ ও উপস্থাপনা ছিল কিছুটা ভিন্নধর্মী। তবে দর্শকদের ইতিবাচক সাড়ায় তিনি বেশ আনন্দিত।
ফরিদা জালাল বলেন, দর্শকদের ভালোবাসা ও প্রশংসাই একজন শিল্পীর সবচেয়ে বড় অর্জন। নতুন এই চরিত্রের জন্য চারদিক থেকে যে সাড়া পাচ্ছেন, তা তাকে কৃতজ্ঞ করেছে।
সিনেমার শুটিং অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি জানান, পুরো ইউনিটে ছিল আনন্দঘন পরিবেশ। সবাই একসঙ্গে কাজ করেছেন এবং একে অপরকে সহযোগিতা করেছেন। তার মতে, ভালোবাসা, আন্তরিকতা ও কঠোর পরিশ্রমের সমন্বয়েই সিনেমাটি নির্মিত হয়েছে।
অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরে ফরিদা বলেন, দীর্ঘ ক্যারিয়ারে তিনি দর্শকদের কাছ থেকে অসীম ভালোবাসা পেয়েছেন। তার প্রথম সিনেমা ‘আরাধনা’ থেকে শুরু করে পরবর্তী কাজগুলো আজও দর্শকদের মনে রয়েছে, যা তাকে অনুপ্রাণিত করে।
তবে একই ধরনের চরিত্রে বারবার অভিনয় করার সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, অনেক সময় তাকে নির্দিষ্ট ধরনের ‘মা’ চরিত্রের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। অথচ তিনি সবসময় এমন চরিত্রে কাজ করতে চেয়েছেন, যেখানে অভিনয়ের নতুন চ্যালেঞ্জ থাকবে এবং চরিত্রের শারীরিক ভাষা ও উপস্থাপনায় ভিন্নতা দেখানোর সুযোগ থাকবে।
ফরিদা জালালের ভাষায়, একজন শিল্পী হিসেবে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগই সবচেয়ে বড় প্রাপ্তি। আর সেই কারণেই তিনি বরাবরই চ্যালেঞ্জিং ও ব্যতিক্রমধর্মী চরিত্রে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন।
