আ. লীগের বিচার শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ঘণ্টা অনলাইন: রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে শিগগিরই বিচারিক প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
৪ জুলাই রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বাইরে অবস্থান করে একটি চক্র বর্তমান সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং দেশের স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টা করছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিচার আইন অনুযায়ী সম্পন্ন করা হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে চলছে।
জুলাই আন্দোলনের চেতনার প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে জুলাইয়ের আদর্শ ও প্রত্যাশাকে ধারণ করে এগিয়ে যেতে হবে। এই চেতনা বাস্তবায়নের মধ্য দিয়েই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব।
তিনি বলেন, কোনো চেতনা বা আন্দোলনকে ব্যক্তিগত, ব্যবসায়িক কিংবা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়। জুলাইয়ের চেতনাকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে রেখে জাতীয় কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
