তামিলনাড়ু থেকে দেশে ফিরছেন ৫০ জন

২৪ঘণ্টা অনলাইন: ভারতের তামিলনাড়ুর একটি বিশেষ আটক কেন্দ্রে থাকা ৫০ বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ভারত। তাদের পশ্চিমবঙ্গে নেওয়া হয়েছে এবং সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ৪৪ জন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর কড়া নিরাপত্তার মধ্যে তাদের তামিলনাড়ু থেকে পশ্চিমবঙ্গে আনা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে বিএসএফের কাছে তাদের হস্তান্তর করা হবে। এরপর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে ভারতে অবস্থানের অভিযোগে আটক এসব বাংলাদেশি তামিলনাড়ুর একটি বিশেষ কেন্দ্রে ছিলেন। বর্তমানে ওই কেন্দ্রে আরও শতাধিক বিদেশি নাগরিক রয়েছেন, যাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।
