আরব সাগরে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ১

২৪ঘণ্টা অনলাইন ডেস্ক: আরব সাগরে বিধ্বস্ত হয়ে ডুবে গেছে মার্কিন নৌবাহিনীর একটি এমএইচ-৬০এস সি হক হেলিকপ্টার। দুর্ঘটনার পর তিনজনকে জীবিত উদ্ধার করা হলেও একজন সেনাসদস্য এখনও নিখোঁজ রয়েছেন।
মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দিবাগত রাত প্রায় সাড়ে ৩টার দিকে নিয়মিত টহল মিশনের সময় হেলিকপ্টারটি সাগরে বিধ্বস্ত হয়।
হেলিকপ্টারটিতে মোট চারজন আরোহী ছিলেন। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয় এবং তিনজনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে অপর একজনের সন্ধানে এখনও তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।
সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে কোনো শত্রুপক্ষের হামলার প্রমাণ পাওয়া যায়নি। উদ্ধার হওয়া তিন সেনাসদস্যের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
বিধ্বস্ত এমএইচ-৬০এস হেলিকপ্টারটি মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ-এর এয়ার উইংয়ের অংশ ছিল। মধ্যপ্রাচ্যের জলসীমায় বর্তমানে টহলরত মার্কিন নৌবাহিনীর প্রধান দুই বিমানবাহী রণতরীর একটি হলো এই জাহাজ। অন্যটি ইউএসএস আব্রাহাম লিঙ্কন।
মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক আঞ্চলিক সংঘাতের সময় মধ্যপ্রাচ্যে পরিচালিত বিভিন্ন সামরিক অভিযানে এ দুই রণতরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ওই সময় যুক্তরাষ্ট্র কয়েকটি যুদ্ধবিমান ও সামরিক উড়োজাহানও হারায়।
এর আগে গত জুনে হরমুজ প্রণালিতে যান্ত্রিক ত্রুটির কারণে একটি এএইচ-৬৪ অ্যাপাচে হেলিকপ্টার সাগরে বিধ্বস্ত হয়েছিল। তবে সে ঘটনায় পাইলট দুর্ঘটনার আগেই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
বর্তমানে নিখোঁজ সেনাসদস্যকে খুঁজে বের করতে সমুদ্র ও আকাশপথে ব্যাপক অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।
