রণবীরের রেজাল্টে আনন্দে কেঁদেছিলেন ঠাকুমা

২৪ঘণ্টা অনলাইন: বলিউড অভিনেতা রণবীর কাপুর প্রায়ই ব্যক্তিগত জীবনের মজার নানা গল্প শেয়ার করেন। এবার তিনি জানালেন কাপুর পরিবারের শিক্ষা-জীবন নিয়ে একটি চমকপ্রদ তথ্য, যা শুনে অনেকেই অবাক হয়েছেন।
জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ অংশ নিয়ে রণবীর বলেন, কাপুর পরিবারের মধ্যে তিনিই নাকি সবচেয়ে ‘শিক্ষিত’ সদস্য। কারণ, পরিবারের অন্যদের তুলনায় তিনি একবারেই দশম শ্রেণির পরীক্ষায় পাস করেছিলেন।
অভিনেতা জানান, দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফল প্রকাশের সময় তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। তার হয়ে ফল সংগ্রহ করতে স্কুলে গিয়েছিলেন মা নীতু কাপুর। সেই পরীক্ষায় রণবীর পেয়েছিলেন ৫৪ দশমিক ৩ শতাংশ নম্বর।
ফলাফল জানার পর পরিবারের সদস্যদের প্রতিক্রিয়ার কথা স্মরণ করে রণবীর বলেন, তার ঠাকুমা এতটাই আবেগাপ্লুত হয়েছিলেন যে আনন্দে কেঁদে ফেলেছিলেন। কারণ, কাপুর পরিবারের ইতিহাসে একবারে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ঘটনা ছিল বিরল।
রণবীর মজা করে বলেন, “আমি সবসময় বলি, আমিই কাপুর পরিবারের সবচেয়ে শিক্ষিত সদস্য। কারণ আমার আগে পরিবারের কেউ একবারে দশম শ্রেণি পাস করতে পারেনি।”
তিনি আরও জানান, তার পাসের খবর ছড়িয়ে পড়ার পর কাপুর পরিবারে ছোটখাটো উৎসবের আয়োজন করা হয়েছিল। পরিবারের সদস্যরা বিষয়টিকে বিশেষ অর্জন হিসেবেই দেখেছিলেন।
রণবীরের এই মন্তব্যে বিস্ময় প্রকাশ করেন অনুষ্ঠানের সঞ্চালক করণ জোহরও। তিনি জানতে চান, সত্যিই কি কাপুর পরিবারের কেউ একবারে দশম শ্রেণি পাস করতে পারেননি? জবাবে রণবীর হাসতে হাসতে নিজের দাবির কথাই পুনর্ব্যক্ত করেন।
রণবীরের এই মজার স্মৃতিচারণ ইতোমধ্যেই ভক্তদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
