কোচিং সেন্টারে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ১৪

২৪ঘণ্টা অনলাইন: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন শিক্ষার্থী। নিহত ও আহতরা সবাই ওই কোচিং সেন্টারের শিক্ষার্থী বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
৩০ জুন লাহোরের খানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির পাকিস্তানের সংবাদমাধ্যমকে জানান, দুর্ঘটনার সময় কোচিং সেন্টারটিতে ৩০ জনের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিল। ছাদ ধসে পড়ার পর সবাই কমবেশি আহত হয়।
তিনি বলেন, গুরুতর আহত ২০ জন শিক্ষার্থীকে উদ্ধার করে খানা তহসিল হেডকোয়ার্টার (টিএইচকিউ) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা ১৪ জনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে চারজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, আর দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, একতলা ভবনটির ওপর দ্বিতীয় তলা নির্মাণের কাজ চলছিল। এ সময় নিচতলায় শিক্ষার্থীদের ক্লাস চলাকালে হঠাৎ ছাদ ধসে পড়ে। ঘটনার পর ভবন মালিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দুর্ঘটনায় নিহত শিশুদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। একই সঙ্গে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তারা।
পাকিস্তানে নিম্নমানের নির্মাণসামগ্রী ও নির্মাণ ত্রুটির কারণে ভবন ধসের ঘটনা প্রায়ই ঘটে। গত বছর সিন্ধ প্রদেশের করাচির লিয়ারি এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে ২৭ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছিলেন।
