মীরসরাই সীমান্তে গরুসহ আটক ৪

২৪ঘণ্টা অনলাইন: চট্টগ্রামের মীরসরাই উপজেলার করেরহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৯টি ভারতীয় গরু ও চোরাচালানে ব্যবহৃত দুটি পিকআপ গাড়ি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
৩০ জুন বেলা সাড়ে ১১টার দিকে জোরারগঞ্জ থানার পুলিশ করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজারসংলগ্ন গামারী বাগান এলাকার সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, চোরাচালানের উদ্দেশ্যে দুটি পিকআপে করে গরুগুলো পরিবহন করা হচ্ছিল। সন্দেহভাজন যানবাহন দুটি থামিয়ে তল্লাশি চালিয়ে ১৯টি ভারতীয় গরু উদ্ধার করা হয়। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ১৬ হাজার টাকা।
অভিযানকালে আব্দুর রাজ্জাক (৬৫), নজরুল ইসলাম (২২), মো. আরিফ (২৭) এবং রাসেল ওরফে আলম (৩৫) নামে চারজনকে আটক করা হয়। একই সঙ্গে গরু পরিবহনে ব্যবহৃত দুটি পিকআপও জব্দ করা হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
