নবম পে-স্কেল জুলাই থেকে কার্যকর

২৪ঘণ্টা অনলাইন: দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতনকাঠামো (পে-স্কেল) বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে নতুন পে-স্কেলের মূল বেতন কার্যকর করার প্রস্তুতি চলছে। তবে বিভিন্ন ভাতা ও আনুষঙ্গিক সুবিধা ২০২৭-২৮ অর্থবছর থেকে কার্যকর হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের কমিটি পে কমিশনের সুপারিশ পর্যালোচনা করে একটি সমন্বিত রোডম্যাপ তৈরি করেছে। বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর জন্য পৃথক কমিশনের প্রতিবেদনের আলোকে এ পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে।
কমিটির সুপারিশ চূড়ান্ত হওয়ার পর তা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। অনুমোদন মিললে জুলাই মাসের মধ্যেই এ বিষয়ে সরকারি গেজেট প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন বেতনকাঠামো বাস্তবায়নে দুই ধাপের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম ধাপে মূল বেতন পুরোপুরি কার্যকর করা হবে এবং পরবর্তী ধাপে ভাতা ও অন্যান্য সুবিধা যুক্ত করা হবে।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ পর্যন্ত বাড়তে পারে। অন্যদিকে ১১ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের জন্য আরও বেশি হারে বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রাথমিক প্রস্তুতির জন্য প্রায় ৪৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই অর্থ সরকারি কর্মকর্তা-কর্মচারী, পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন সমন্বয়ে ব্যয় করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল কার্যকর করা হয়েছিল। বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগী সরকারের বেতন-ভাতা ব্যবস্থার আওতায় রয়েছেন। নতুন পে-স্কেল কার্যকর হলে তাদের আয় বাড়ার পাশাপাশি জীবনযাত্রার ব্যয় মোকাবিলায়ও কিছুটা স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে।
