নেতাদের সম্পদ বেড়েছে, দাবি নাহিদের

২৪ঘণ্টা অনলাইন: ৫ আগস্টের পর কিছু রাজনৈতিক নেতার অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি নিয়ে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে দুর্নীতি রোধে গণভোট বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর করা এবং জুলাই ফাউন্ডেশনের জন্য বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন তিনি।
২৮ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
নাহিদ ইসলাম বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি নিয়ন্ত্রণে গণভোটের রায় অনুযায়ী সংস্কার কার্যক্রম বাস্তবায়ন জরুরি। তার মতে, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।
বাজেট আলোচনায় তিনি সরকারি দলের এক সংসদ সদস্যের বক্তব্যেরও সমালোচনা করেন। তিনি বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার বাস্তবতা বিবেচনা না করেই কিছু মন্তব্য করা হচ্ছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ আমলে এবং পরবর্তী সময়েও কিছু রাজনৈতিক নেতার সম্পদ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে, যা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, পুনর্বাসন ও কাউন্সেলিংয়ের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনায় জুলাই ফাউন্ডেশনের ভূমিকা বাড়ানো প্রয়োজন। এজন্য প্রতিষ্ঠানটিকে বিশেষ আর্থিক সহায়তা দেওয়ার আহ্বান জানান তিনি।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, আগামী ৫ আগস্টের মধ্যেই জাদুঘরটি উদ্বোধন করা হলে আন্দোলনের ইতিহাস সংরক্ষণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
