সীমান্তে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

২৪ঘণ্টা অনলাইন: মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা সফল হয়নি।
বুধবার (২৪ জুন) গভীর রাতে সীমান্তের সহড়াতলা এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ভারতের নদীয়া জেলার বজ্রনাথপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ১৪২ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের ৫ ও ৬ এস সাব-পিলারের মধ্যবর্তী অংশ দিয়ে সাতজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে।
খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেন। এ সময় স্থানীয় গ্রামবাসীরাও সীমান্ত এলাকায় জড়ো হয়ে নজরদারি জোরদার করেন। ফলে পুশইনের চেষ্টা করা ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি।
সূত্র জানায়, ওই সাতজনের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী ছিলেন। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা সীমান্তের কাঁটাতারের কাছাকাছি এলাকায় অবস্থান করছিলেন।
সহড়াতলা গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান হাবিব বলেন, বিজিবি ও স্থানীয়দের তৎপরতার কারণে সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। সতর্ক অবস্থানের ফলে কাউকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি।
এ বিষয়ে সহড়াতলা বিজিবি ক্যাম্পের কমান্ডার আইউব আলী জানান, ঘটনার পর বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বিএসএফ ওই সাতজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
উল্লেখ্য, চলতি মাসে মেহেরপুর সীমান্তে একাধিকবার পুশইনের অভিযোগ উঠেছে। এর আগে ৬ জুন তেঁতুলবাড়ীয়া সীমান্ত এবং ১৯ জুন সদর উপজেলার খালপাড়া সীমান্ত এলাকায়ও একই ধরনের ঘটনা ঘটে। প্রতিবারই বিজিবি ও স্থানীয় জনগণের প্রতিরোধের মুখে বিএসএফকে সংশ্লিষ্ট ব্যক্তিদের ফিরিয়ে নিতে হয়েছে।
