সৌদি আরবে বিনিয়োগকারীদের সুযোগ

২৪ঘণ্টা অনলাইন : সৌদি আরবে অবশেষে জমির মালিক হওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীরা। দেশটির মন্ত্রিসভা অনাবাসী বা বিদেশিদের রিয়েল এস্টেট মালিকানা সংক্রান্ত নির্বাহী বিধিমালার অনুমোদন দিয়েছে। তেল-নির্ভর অর্থনীতি থেকে বের হয়ে বৈচিত্র্য আনার অংশ হিসেবে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২৩ জুন সৌদি আরবের মন্ত্রী পরিষদ এই নতুন বিধিমালার অনুমোদন দেয়। এর ফলে এখন থেকে বিদেশি ব্যক্তি এবং প্রতিষ্ঠান নির্দিষ্ট কিছু ভৌগোলিক এলাকায় সম্পত্তি কিনতে পারবে।
চলতি বছরের জানুয়ারিতে দেশটিতে একটি যুগান্তকারী আইন কার্যকর হয়। সেই আইনের ধারাবাহিকতায় এবার নির্বাহী বিধিমালা অনুমোদন পেল। এখন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন এবং নির্দিষ্ট শর্ত মেনে বিদেশিরা সৌদি আরবে বড় পরিসরে স্থাবর সম্পত্তির মালিক হতে পারবেন।
নতুন এই আইনের আওতায় বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের সম্পত্তি কিনতে পারবে। এর মধ্যে রয়েছে আবাসিক, বাণিজ্যিক, কৃষি এবং শিল্পখাতের জমি। এ ছাড়া সৌদিতে ব্যবসার জন্য লাইসেন্সপ্রাপ্ত বিদেশি কোম্পানিগুলো তাদের কাজের জন্য প্রয়োজনীয় সম্পত্তি কিনতে পারবে। ফলে তারা অফিস, কারখানা ও গুদামঘরের জন্য নিজস্ব জমি ও ভবন ব্যবহারের সুযোগ পাবে।
সৌদির পরিচালনায় পূর্ণ সক্ষমতায় চালু হচ্ছে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। এই বড় সংস্কার সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ। এর মূল লক্ষ্য বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা এবং বেসরকারি খাতের পরিধি বাড়ানো। একই সঙ্গে আবাসন খাতের প্রবৃদ্ধিকে আরও গতিশীল করা।
নতুন এই নিয়মের ফলে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে সবকিছু আরও স্পষ্ট হলো। মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ আবাসন বাজারে দীর্ঘমেয়াদে বিনিয়োগের পথ তৈরি হলো। খনিজ তেলের ওপর নির্ভরতা কমাতে সৌদি আরব বর্তমানে বড় বড় নগর উন্নয়ন ও অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করছে। এই সিদ্ধান্ত সেই রূপান্তরকে আরও ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: গালফ নিউজ
