বৈশ্বিক বিনিয়োগে আস্থা বাড়াতে সরকারের উদ্যোগ

২৪ঘণ্টা অনলাইন:২৪ঘণ্টা অনলাইন: বাংলাদেশকে বৈশ্বিক বিনিয়োগের অন্যতম সম্ভাবনাময় গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার আস্থা ও প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
২৩ জুন চীনের দালিয়ানের শাংগ্রি-লা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’—এই বার্তার মাধ্যমে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য একটি স্থিতিশীল ও আস্থাশীল পরিবেশ নিশ্চিতের চেষ্টা চলছে।
তিনি জানান, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত সামার দাভোস ২০২৬ সম্মেলনের এবারের প্রতিপাদ্য ‘ইনোভেটিং অ্যাট স্কেল’। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, শীর্ষ ব্যবসায়ী, প্রযুক্তি উদ্ভাবক ও নীতিনির্ধারকরা অংশ নিচ্ছেন।
মাহদী আমিন আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো বৈশ্বিক এই ধরনের সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশে বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং জলবায়ু সহনশীল উন্নয়ন এগিয়ে নিতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনা করছেন।
তিনি জানান, সম্মেলনে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে আগামী পাঁচ বছরে ২৫০ মিলিয়ন বৃক্ষরোপণ, ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখনন, পদ্মা–তিস্তা অববাহিকার পানি ব্যবস্থাপনা উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ এবং সবুজ শিল্পায়ন।
মুখপাত্র বলেন, জলবায়ু কার্যক্রমকে প্রধানমন্ত্রী ব্যয় নয়, বরং ভবিষ্যৎ সমৃদ্ধির বিনিয়োগ হিসেবে দেখছেন। একই সঙ্গে বৈশ্বিক জলবায়ু অর্থায়ন সহজলভ্য করা এবং প্রযুক্তি হস্তান্তরের ওপরও তিনি জোর দিয়েছেন।
তিনি আরও জানান, সম্মেলনের অংশ হিসেবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিভিন্ন সেশনে প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের সঙ্গে নীতি ও উন্নয়ন ইস্যুতে মতবিনিময় করছেন।
