ব্যাচেলর টিমে ব্রাজিল–আর্জেন্টিনা লড়াই

২৪ঘণ্টা অনলাইন: জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনে এবার যোগ হচ্ছে বিশ্বকাপ ফুটবল ঘিরে বিশেষ চ্যাপ্টার। ১৩তম চ্যাপ্টারে ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার কাল্পনিক ম্যাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন পর্ব।
নির্মাতা কাজল আরেফিন অমি জানিয়েছেন, এই চ্যাপ্টারে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শিল্পীরাই ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলের খেলোয়াড় হিসেবে মাঠে নামবেন। ইতোমধ্যে প্রকাশিত পোস্টারে ব্রাজিল জার্সিতে দেখা গেছে জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাভেল ও শামীম হাসান সরকারকে। অন্যদিকে আর্জেন্টিনা দলে আছেন তৌসিফ মাহবুব, চাষী আলম ও মারজুক রাসেল।
নির্মাতা জানান, মূল ম্যাচে প্রতি দলে সাতজন করে অভিনয়শিল্পী অংশ নেবেন। নাটকের অন্যান্য চরিত্রও পুরো আয়োজনের সঙ্গে যুক্ত থাকবেন।
বিশেষ আকর্ষণ হিসেবে এবার দর্শকদের জন্য থাকছে মাঠে বসে ম্যাচ দেখার সুযোগ। আগাম বুকিংয়ের মাধ্যমে নির্বাচিত ১০০ জন দর্শক সরাসরি এই শুটিং ও ম্যাচ উপভোগ করতে পারবেন।
‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘোষণা দেওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই এই ব্যতিক্রমী আয়োজনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করছেন।
উল্লেখ্য, পঞ্চম সিজনে আরও অভিনয় করছেন শিমুল শর্মা, মনিরা মিঠু, আব্দুল্লাহ রানা, মুসাফির সৈয়দ বাচ্চু, আরফান মৃধা শিবলু, লামিমা লামসহ অনেকে।
