দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

২৪ঘণ্টা অনলাইন: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসী বাংলাদেশিদের দেশের উন্নয়ন ও অগ্রগতিতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেছেন, “আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি, যাতে সকলে মিলে ভালো থাকতে পারি।”
২১ জুন রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতি শুধু দাবি নয়, প্রত্যেক নাগরিকের কিছু দায়িত্বও রয়েছে। প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের কী দাবি আছে, সেই চিন্তা থেকে বেরিয়ে এসে ভাবতে হবে দেশের জন্য আমরা কী করতে পারি। এটাই হোক আমাদের অঙ্গীকার।”
দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তারেক রহমান বলেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনে দেশের বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের ত্যাগ ও আন্দোলনের মাধ্যমে দেশ নতুন পথে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি সবাইকে রাষ্ট্র পুনর্গঠনের কাজে অংশ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে তিনি বিএনপির নির্বাচনী অঙ্গীকার এবং সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল পুনঃখনন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রম নিয়ে সরকারের ভাবনা ব্যাখ্যা করেন তিনি।
বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, দেশের সামনে সম্ভাবনাময় ও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। তবে সেই লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম, ধৈর্য এবং সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।
তিনি বলেন, মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিরা নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করে সুনাম অর্জন করেছেন। “আমাদের শ্রমিকরা যদি বিদেশে এত সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারেন, তাহলে নিজের দেশকেও আমরা আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারব,” বলেন তিনি।
১/১১-পরবর্তী সময়ের বিভিন্ন অভিজ্ঞতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, “ব্যক্তিগত আক্রোশ নয়, দেশের স্বার্থই আমাদের কাছে সবচেয়ে বড়।”
প্রবাসীদের কল্যাণে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে তারেক রহমান জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে বাংলাদেশি কর্মীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন। তিনি বলেন, মালয়েশিয়ার আইন ও বিধিবিধানের মধ্যে থেকে বাংলাদেশিদের জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার চেষ্টা করা হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনার মঞ্জুরুল করীম স্বাগত বক্তব্য দেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
দুই দিনের সরকারি সফরের অংশ হিসেবে সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
