মেসিদের দলে আসছে রদবদল

২৪ঘণ্টা অনলাইন: বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির হ্যাটট্রিকে পাওয়া সেই জয়ের পর এবার গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাস স্টেডিয়ামে।
ম্যাচের আগে শেষ অনুশীলন গণমাধ্যমের জন্য বন্ধ রাখেন কোচ লিওনেল স্কালোনি। ‘ক্লোজডোর’ সেই সেশনের পর আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে একাধিক পরিবর্তনের আভাস মিলেছে।
সবচেয়ে বেশি নজর ছিল ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েলের শারীরিক অবস্থার দিকে। হ্যামস্ট্রিংয়ের চোটে ভোগা এই ফুটবলার অনুশীলনে সতীর্থদের সঙ্গে পুরো সময় অংশ নিলেও তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না কোচিং স্টাফ। ফলে অস্ট্রিয়ার বিপক্ষে ডান প্রান্তে নাহুয়েল মোলিনাকে শুরুর একাদশে দেখা যেতে পারে।
আক্রমণভাগেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। থিয়েগো আলমাদার পরিবর্তে নিকোলাস গঞ্জালেসকে নামানোর কথা ভাবছেন স্কালোনি। প্রতিপক্ষের রক্ষণভাগের পেছনের ফাঁকা জায়গা কাজে লাগাতে গঞ্জালেসের গতি ও পরিশ্রমী ফুটবল বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন আর্জেন্টাইন কোচ।
এছাড়া লাউতারো মার্টিনেজের জায়গায় হুলিয়ান আলভারেজকে শুরুর একাদশে দেখা যেতে পারে। চোট কাটিয়ে আলজেরিয়ার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন আলভারেজ। এবার তাকে শুরু থেকেই খেলানোর সম্ভাবনা জোরালো।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মন্টিয়েল পুরো অনুশীলনে বুট পরে স্বাভাবিকভাবেই অংশ নিয়েছেন। ১৯জুন তিনি আলাদা ফিটনেস সেশন করলেও এখন তার অবস্থা অনেকটাই উন্নত। তাই ম্যাচের স্কোয়াডে থাকার পাশাপাশি প্রয়োজন হলে কিছু সময় মাঠেও নামতে পারেন।
তবে বড় ধরনের রদবদলের পথে হাঁটছেন না স্কালোনি। আলজেরিয়ার বিপক্ষে জয় পাওয়া দলের বেশিরভাগ খেলোয়াড়ই অস্ট্রিয়ার বিপক্ষে একাদশে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।
গোলপোস্টে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণভাগে দেখা যেতে পারে ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও ফাকুন্দো মেদিনাকে। মাঝমাঠে থাকবেন রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আর আক্রমণের নেতৃত্ব দেবেন অধিনায়ক লিওনেল মেসি।
এদিকে অনুশীলনে সন্তোষজনক উন্নতি হলে লিয়েন্দ্রো পারেদেস ও নিকোলাস তালিয়াফিকোও চলমান বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামার সুযোগ পেতে পারেন। অস্ট্রিয়ার বিপক্ষে জয় পেলে নকআউট পর্বের পথ আরও সহজ হয়ে যাবে আর্জেন্টিনার জন্য।
