বিশ্বকাপ থেকে সবার আগে বিদায় হাইতির

২৪ঘণ্টা অনলাইন: চলমান বিশ্বকাপের প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে হাইতির। ব্রাজিলের কাছে ৩-০ গোলের পরাজয়ের পর ‘সি’ গ্রুপ থেকে তাদের নকআউট পর্বে ওঠার সব সম্ভাবনা শেষ হয়ে গেছে।
বিশ্বকাপে ফেরার স্বপ্ন নিয়ে মাঠে নামলেও টানা দুই ম্যাচে হার হাইতির যাত্রা থামিয়ে দিল গ্রুপ পর্বেই। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের বিপক্ষেও বড় ব্যবধানে পরাজিত হয় ক্যারিবীয় দেশটি। ফলে দুই ম্যাচ শেষে তাদের সংগ্রহ শূন্য পয়েন্ট।
অন্যদিকে একই গ্রুপে ব্রাজিল ও মরক্কোর পয়েন্ট চার করে, আর স্কটল্যান্ডের ঝুলিতে রয়েছে তিন পয়েন্ট। শেষ ম্যাচে জিতলেও স্কটল্যান্ডকে টপকানোর সুযোগ নেই হাইতির। কারণ সমান পয়েন্ট হলে এবারের বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ের ফলকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যেখানে স্কটল্যান্ডের কাছে ইতোমধ্যেই হেরে গেছে তারা।
৪৮ দলের নতুন বিশ্বকাপ ফরম্যাটে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দলের পাশাপাশি সেরা আটটি তৃতীয় স্থানধারী দল নকআউট পর্বে জায়গা পাবে। কিন্তু দুই ম্যাচেই হারায় সেই সমীকরণ থেকেও ছিটকে গেছে হাইতি।
ফলে ৫৪ বছর পর বিশ্বকাপে ফিরে আসা হাইতির স্বপ্নভঙ্গ হলো গ্রুপ পর্বেই। এখন তাদের সামনে কেবল নিয়মরক্ষার শেষ ম্যাচ, যেখানে প্রতিপক্ষ মরক্কো।
