সুইজারল্যান্ড সফর আপাতত বাতিল শেহবাজের

২৪ঘণ্টা অনলাইন: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত নতুন সমঝোতা স্মারক (এমওইউ) কার্যকর হওয়ায় সুইজারল্যান্ড সফর স্থগিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
পাকিস্তান সরকারের মুখপাত্র মোশাররফ জাইদি জানান, চুক্তিটি ইতোমধ্যে ইলেকট্রনিক পদ্ধতিতে স্বাক্ষরিত ও কার্যকর হয়েছে। বর্তমানে এর বাস্তবায়ন প্রক্রিয়া চলছে। এ কারণে প্রধানমন্ত্রীর সুইজারল্যান্ড সফরের আর প্রয়োজন নেই বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, সমঝোতা বাস্তবায়নের পরবর্তী বিভিন্ন কৌশলগত ধাপেও পাকিস্তান প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন দিয়ে যাবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় শেহবাজ শরিফ দাবি করেন, চুক্তি কার্যকরের প্রথম পদক্ষেপ হিসেবে ইরান অবিলম্বে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেবে এবং যুক্তরাষ্ট্র তার নৌ-অবরোধ প্রত্যাহার করবে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এক সহযোগীর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জি-৭ সম্মেলন শেষে ফ্রান্সের প্যালেস অব ভার্সাইয়ে আয়োজিত এক নৈশভোজ অনুষ্ঠানে ট্রাম্প সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত অতিথিদের মধ্যে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁসহ অন্যান্যরা করতালির মাধ্যমে ঘটনাটিকে স্বাগত জানান।
পরে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে ট্রাম্প বলেন, “এইমাত্র চুক্তিতে স্বাক্ষর করলাম।”
অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, সংশ্লিষ্ট রাষ্ট্রপ্রধানদের স্বাক্ষরের মধ্য দিয়ে দলিলটি চূড়ান্ত রূপ পেয়েছে।
