বিনোদন

নার্সদের পোশাকে পরিবর্তনের চান কঙ্গনার

৭ আগস্ট, ২০২৬ এ ৪:১৬ AM
নার্সদের পোশাকে পরিবর্তনের চান কঙ্গনার

২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী কঙ্গনা রানাউত নার্সদের প্রচলিত ইউনিফর্মে পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন। তার মতে, বর্তমান ইউনিফর্ম এখনও অনেকাংশে ঔপনিবেশিক আমলের ধারা অনুসরণ করছে এবং সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এতে পরিবর্তন আনা প্রয়োজন।

মুম্বাইয়ের ২৬/১১ সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে নির্মিত ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমায় একজন নার্সের চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবিটি ও নার্সিং পেশা নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গনার মতে চিকিৎসকেরা এখন নিজেদের সুবিধামতো পোশাক পরার সুযোগ পেলেও নার্সদের এখনও নির্দিষ্ট ও ঐতিহ্যবাহী ইউনিফর্ম অনুসরণ করতে হয়।

তিনি বলেন, “আমার মনে হয় ব্রিটিশ আমলের নার্সদের ড্রেস কোড এখনও আমাদের দেশে চালু রয়েছে। গরম বা শীত—সব ঋতুতেই নার্সদের একই ধরনের বিদেশি ধাঁচের ইউনিফর্ম পরতে দেখা যায়।”

ইউনিফর্মের ইতিহাস প্রসঙ্গে কঙ্গনা বলেন, নার্সদের পোশাকে ব্যবহৃত ক্যাপ, পিন ও বেল্টের মতো উপাদানগুলো প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সামরিক প্রভাব বহন করে।

তবে ইউনিফর্ম পরিবর্তনের ক্ষেত্রে নার্সদের মতামতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, “যদি নার্সদের স্বাচ্ছন্দ্য ও প্রয়োজন বিবেচনা করে ইউনিফর্মে কিছু পরিবর্তন আনা যায় এবং সেখানে একটি ভারতীয় ছোঁয়া যুক্ত করা সম্ভব হয়, তাহলে তা ইতিবাচক উদ্যোগ হবে।”

পোশাকের বিষয় ছাড়াও নার্সিং পেশাকে ঘিরে সমাজে প্রচলিত কিছু নেতিবাচক ধারণার সমালোচনা করেন কঙ্গনা। তিনি বলেন, নার্সদের গুরুত্বপূর্ণ পেশাকে অনেক সময় অযৌক্তিকভাবে যৌনতার সঙ্গে যুক্ত করা হয়, যা পরিবর্তন হওয়া প্রয়োজন।

কঙ্গনা বলেন, “নার্সিং এমন একটি পেশা, যাকে সমাজে প্রায়ই ভুলভাবে দেখা হয়। অথচ হাসপাতাল ব্যবস্থাকে সচল রাখতে নার্সদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

নিজের অভিনীত চরিত্র প্রসঙ্গে তিনি জানান, ছবিতে নার্সদের কাজ ও দায়িত্বকে যথাযথ সম্মান ও মর্যাদার সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে।

তার মতে, হাসপাতালের সাফল্যের পেছনে শুধু চিকিৎসক নন, লাখো নার্স ও স্বাস্থ্যকর্মীরও সমান অবদান রয়েছে।

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram