তোফায়েলকে ঘিরে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় ইমি

২৪ঘণ্টা অনলাইন: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদকে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া হবে কি না, সেটিকে বর্তমান সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি।
১ জুন রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ইমির ভাষায়, বিষয়টি হবে সরকারের জন্য এক ধরনের ‘লিটমাস টেস্ট’ বা অগ্নিপরীক্ষা।
পোস্টে তিনি নিজের অতীত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তিনি দাবি করেন, বিএনপি সরকারের আমলে কোনো কারণ ছাড়াই তাকে ৬০ দিন কারাভোগ করতে হয়েছিল। সেই সময় তিনি পরিবারের একজন সদস্যের শেষ বিদায়েও উপস্থিত থাকতে পারেননি।
তবে অতীতের সেই অভিজ্ঞতা সত্ত্বেও তিনি রাজনৈতিক প্রতিহিংসার পথ বেছে নেননি বলে উল্লেখ করেন। ইমি লেখেন, একজন নাগরিক হিসেবে সরকারের প্রতি তার অবস্থান দায়িত্বশীল এবং নিরপেক্ষ।
তোফায়েল আহমেদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মুক্তিযুদ্ধ, ‘জয় বাংলা’ স্লোগান কিংবা তোফায়েল আহমেদ—এসব কোনো একটি রাজনৈতিক দলের একক সম্পত্তি নয়; বরং এগুলো জাতির সামগ্রিক ঐতিহ্য ও ইতিহাসের অংশ।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দলীয় বিষয় এবং জাতীয় ঐতিহ্যের মধ্যে পার্থক্য করার মতো রাজনৈতিক সততা ও প্রজ্ঞা সরকারের থাকা উচিত। অন্যথায় জনগণের সমালোচনা ও প্রতিক্রিয়ার মুখে পড়তে হতে পারে।
ইমির এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে। অনেকেই বিষয়টিকে রাজনৈতিক সহনশীলতা ও জাতীয় ঐক্যের প্রশ্ন হিসেবে দেখছেন।
