ক্রীড়াঙ্গনের ২০ গুণী ব্যক্তিত্বকে সম্মাননা দিল ক্রীড়া অধিকার পরিষদ

রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে দেশের ক্রীড়াঙ্গনের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখা খেলোয়াড়, প্রশিক্ষক, সংগঠক ও ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান অনুষ্ঠান।
বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদের উদ্যোগে শুক্রবার (৮ মে) বিকাল ৫টায় রাজধানীর বিজয়নগরের হোটেল অরনেটের বলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) মির্জা সিফাত-ই-খোদা, এন এন গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক শেখ ইশতিয়াক আহমেদ এবং পিওর গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান এম এম ফাহিম ফিরোজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কোয়াশ র্যাকেট ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম (অব.)।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদের সদস্য সচিব মো. দুলাল হোসেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের উপস্থিতিতে ২০ জন ক্রীড়াবিদ, সংগঠক ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ক্রিকেট, ফুটবল, স্কোয়াশ, উশু, বক্সিং, গলফ, কাবাডি, শুটিং, আর্চারি, ট্রায়াথলেট এবং সাংবাদিকসহ নানা ডিসিপ্লিনে অবদানের জন্য তাদের এই সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন- জাতীয় ক্রিকেট ব্যক্তিত্ব কাজী হাবিবুল বাশার সুমন, ফুটবলার রেহেনা আক্তার, মার্শাল আর্ট ব্যক্তিত্ব ওস্তাদ জাহাঙ্গীর আলম, স্কোয়াশ ক্রীড়াবিদ ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম (অব.), সাইক্লিং সংগঠক আব্দুল কুদ্দুস, ক্রীড়া সাংবাদিক পরাগ আরমান, উশু প্রশিক্ষক ড. মোহাম্মদ শফি, ভারোত্তোলক বীর মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান, জুজুৎসু সংগঠক মুক্তা আহমেদ, অ্যাথলেট সুলতানা পারভীন লাভলী, কাবাডি প্রশিক্ষক শাহনাজ পারভীন, গলফার জামাল হোসেন মোল্লা, বক্সার সেলিম হোসেন, আরচার সাগর ইসলাম, শুটার সৈয়দা আতিকা হাসান, ট্রায়াথলেট ফেরদৌসী আক্তার মারিয়া, স্কোয়াশ খেলোয়াড় মারজান আক্তার মনিকাসহ আরও অনেকে।
আয়োজকরা জানান, দেশের ক্রীড়া উন্নয়নে দীর্ঘদিন ধরে অবদান রাখা ব্যক্তি ও সংগঠকদের উৎসাহিত করতেই এই সম্মাননা আয়োজন করা হয়েছে।
ভবিষ্যতেও বিভিন্ন পর্যায়ে ক্রীড়াবিদদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয় অনুষ্ঠানে।
অনুষ্ঠানে দেশের প্রায় ৫২টি ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের খেলোয়াড়, কর্মকর্তা এবং ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।
