প্রতিপক্ষের জন্য আতঙ্ক নাহিদ রানা

২৪ঘণ্টা অনলাইন: নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বল হাতে আগুন ঝরিয়েছেন নাহিদ রানা। কিউই ব্যাটারদের বল হাতে নাস্তানাবুদ করেছেন টাইগার এই পেসার। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো তুলে নেন ৫ উইকেট। এবার নাহিদ রানা বন্দনায় মাতলেন টাইগার পেস বোলিং কোচ শন টেইট।
২২ এপ্রিল চট্টগ্রামে সংবাদ সম্মেলনে টেইট বলেন, 'সে যেভাবে বল করছে, আমার মনে হচ্ছে ভালো আছে। বল করার জন্য যথেষ্ট ভালো। সিরিজের আগে পরে রেস্ট পিরিয়ড থাকে। নাহিদ রানা খুবই ফিট আছে। সে খুব জোরে বল করে। একইসাথে সে খুব ভালো একজন অ্যাথলেট। সে যেভাবে বল করছে, কোনো প্রতিপক্ষ চাইবে না তাকে মোকাবিলা করতে। নাহিদ রানা দলের বাইরে থাকলে প্রতিপক্ষ দল খুব খুশি হবে।'
পাকিস্তানি সাবেক কিংবদন্তি পেসারের সঙ্গে তুলনা করে টেইট আরও বলেন, 'ওয়াকার ইউনুসের কথা মনে পড়েছে ওকে দেখে। একজন ফাস্ট বোলার শুরুতে উইকেট তুলে নিচ্ছে, এরপর টেল এন্ডারকেও ভোগাচ্ছে এমন ইয়র্কারে... দেখে খুব ভালো লাগলো।'
এরপর নিজের সঙ্গে নাহিদকে মিলিয়ে টেইট বলেন, 'সে দারুণ একজন ফাস্ট বোলার। বিশেষ করে এই কন্ডিশনে, যেখানে অনেক গরম। আমি ওর চেয়ে বেশি ইঞ্জুরিপ্রবণ ছিলাম। গত ম্যাচে ওর ইয়র্কার আমি সবচেয়ে উপভোগ করেছি।'
'হ্যাঁ অনেক মিল আছে। কিছু তফাৎও আছে। তবে সে অনেক ফিট। আমি যতটা ফিট ছিলাম ও আরও বেশি ফিট। আমি একটু ভারি ছিলাম। যে কারণে জোরে বল করতে একটু কষ্ট হতো। সে লিকলিকে গড়নের। এটা তাকে জোরে বল করতে, ভালো অ্যাথলেট হয়ে উঠতে আরও সহায়তা করে।'
