জাতীয়

চট্টগ্রাম বিমানবন্দরে ৬৩০ কার্টন সিগারেট ও স্মার্টফোন জব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে ৬৩০ কার্টন সিগারেট ও স্মার্টফোন জব্দ

২৪ঘণ্টা অনলাইন: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিগারেট ও কয়েকটি স্মার্টফোন জব্দ করেছে কাস্টমস ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। ১৫ এপ্রিল সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে এ অভিযান পরিচালিত হয়।

বিমানবন্দর সূত্র জানায়, এনএসআই চট্টগ্রামের গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স যৌথভাবে এ অভিযান চালায়। এ সময় আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটের (বিজি-১২৮) দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৬৩০ কার্টন সিগারেট (মন্ড) এবং ৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়।

আটক যাত্রীরা হলেন, বাঁশখালীর মোহাম্মদ আরাফাত এবং আমিরাবাদের মোহাম্মদ রায়হান। উদ্ধারকৃত পণ্যের মধ্যে সিগারেট থেকে ১২ লাখ ৬০ হাজার টাকা, একটি আইফোন থেকে ৩০ হাজার টাকা এবং চারটি স্যামসাং ফোন থেকে ৬০ হাজার টাকা হিসেবে মোট ১৩ লাখ ৫০ হাজার টাকার রাজস্ব নির্ধারণ করা হয়েছে। বিমানবন্দর কাস্টমস জানায়, জব্দ করা পণ্য ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম (ডিএম) মূল্যে বাজেয়াপ্ত করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।

এ বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নিয়মিত নজরদারির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, জড়িত দুই যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
চট্টগ্রাম বিমানবন্দরে ৬৩০ কার্টন সিগারেট ও স্মার্টফোন জব্দ | ২৪ঘণ্টা