নগদের লেনদেনের নতুন রেকর্ড

২৪ঘণ্টা অনলাইন : মোবাইল আর্থিক সেবা নগদ ২০২৬ এর প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড গড়েছে। শেষ হওয়া এই প্রান্তিকে ডাক বিভাগের সঙ্গে সংযুক্ত প্রতিষ্ঠানটি ১ লাখ ১১ হাজার ৩৫৫ কোটি ৩২ লাখ টাকার বেশি লেনদেন করেছে, যা আগের বছরের একই সময়ে তুলনায় ২০ দশমিক ৯৭ শতাংশ বেশি। এ ছাড়া গ্রাহক সম্পৃক্ততা ও লেনদেনের সংখ্যায়ও এই সময়ে নতুন রেকর্ড গড়েছে প্রতিষ্ঠানটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এই তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের প্রথম প্রান্তিকে নগদের লেনদেন ছিল ৯২ হাজার ৫৪ কোটি টাকা। পরের প্রান্তিকে সামান্য কমে ৯১ হাজার ৩৩৩ কোটি টাকায় চলে আসে। তবে তৃতীয় প্রান্তিকে নগদের লেনদেন পুনরুদ্ধার হয়ে ৯২ হাজার ১২৫ কোটি টাকায় পৌঁছে যায়। আর বছরের শেষ প্রান্তিকে নগদ প্রথম বারের মতো এক প্রান্তিকে ১ লাখ কোটি টাকা লেনদেনের মাইলফলক অর্জন করে। ওই প্রান্তিকে লেনদেন দাঁড়ায় ১ লাখ ২ হাজার ৩৮১ কোটি টাকা। এমন শক্তিশালী পারফরম্যান্সের ধারাবাহিকতায় ২০২৬ সালের প্রথম প্রান্তিকে নগদের লেনদেন আরও বৃদ্ধি পেয়ে ১ লাখ ১১ হাজার ৩৫৫ কোটি টাকায় পৌঁছায়, যা ২০২৫ সালের সর্বশেষ প্রান্তিকের তুলনায় ৮ দশমিক ৭৭ শতাংশ বেশি।
এতে আরো বলা হয়, মাস হিসেবে গত তিনমাসে লেনদেনের এই অঙ্ক ছিল - জানুয়ারিতে ৪০ হাজার ৩০১ কোটি টাকা। সে সময় যেকোনো মাসের হিসেবে এটি সর্বোচ্চ লেনদেনের অঙ্ক ছিল। মার্চে লেনদেনের এই অঙ্কও পেরিয়ে ৪১ হাজার ৪৬৯ কোটি টাকায় পৌঁছে যায়। নতুন রেকর্ডের কথা উল্লেখ করে এতে বলা হয়, লেনদেনের এই নতুন রেকর্ড গড়তে গিয়ে জানুয়ারি-মার্চ প্রান্তিকে নতুন নতুন মাইল ফলক অর্জন করেছে নগদ। সর্বশেষ এই প্রান্তিকে নগদে যেকোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি ব্যাংক অ্যাড মানি হয়েছে, সবচেয়ে বেশি পেমেন্ট হয়েছে, সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন এবং ক্যাশ-ইন ও ক্যাশ-আউটেও এ সময় নতুন মাইলফলক গড়েছে নগদ। এর বাইরে উল্লেখযোগ্য সংখ্যক সরকারি ভাতা ও উপবৃত্তি বিতরণ হয়েছে এই সময়ে।
