রাষ্ট্রপতির উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ

২৪ঘণ্টা অনলাইন : রাষ্ট্রপতির উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ক্যাডারের দুই কর্মকর্তাকে এ দায়িত্বে আনা হয়েছে। ২৪ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ্দীনকে প্রেষণে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য তার চাকরি রাষ্ট্রপতির কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। একই আদেশে তথ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এস এম রাহাত হাসনাতকে প্রেষণে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরিও রাষ্ট্রপতির কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
বর্তমানে সচিব পদমর্যাদায় মো. সরওয়ার আলম রাষ্ট্রপতির সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন এই নিয়োগের মাধ্যমে রাষ্ট্রপতির প্রেস উইংয়ে আরও দুই কর্মকর্তা যুক্ত হলেন।
